এক বছরে উদ্ধার হয়েছে ১০৭ আগ্নেয়াস্ত্র ও ৭৩৯৪ গোলাবারুদ
- আপডেট সময় : ১১:১৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৩১ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর ও যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও সাউন্ড গ্রেনেডসহ মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাব-১০। ব্যাটালিয়নটি গত এক বছরে ১০৭টি আগ্নেয়াস্ত্র ও ৭ হাজার ৩৯৪টি গোলাবারুদ উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ নেকরোজবাগ এলাকা থেকে মো. সাহিদ গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে র্যাব –১০। গ্রেপ্তারের সময় সাহিদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার চাকু, ইয়াবা ও গাঁজা উদ্ধার হয়। এ ছাড়া চাঁদপুরে একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল ও গুলি।
বুধবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন লে. কমান্ডার তানভীর হাসান ও সিনিয়র পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার।
র্যাব-১০ এর অধিনায়ক বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সিমেন্টের দোকান থেকে একজনকে গ্রেপ্তার করে র্যাব। পরে তার দেখানো স্থান থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। এর আগে ৩১ আগস্ট যাত্রাবাড়ী থেকে উদ্ধার করা হয় চারটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড। এছাড়া চারটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, কেরানীগঞ্জ থেকে ১১০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁদপুরে থেকে অস্ত্র উদ্ধার
মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় চাঁদপুর জেলার কচুয়া থানাধীন মাঝিগাছা এলাকার একটি পরিত্যক্ত টিনের ঘরের পাশে থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, সেগুলো পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলি।
নারায়ণগঞ্জে পিস্তল ও গুলি উদ্ধার
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা নিচিন্তাপুর শরিফবাগ এলাকা থেকে সাধন সরকার ওরফে সাইফুল ইসলাম গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেখানো সিমেন্টের দোকানের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জানা যায়, তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
যাত্রাবাড়ীতে গ্রেনেড উদ্ধার
গত ৩১ আগস্ট বিকালে যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকা থেকে ৪টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেডসহ ফয়সাল খানকে গ্রেপ্তার করে র্যাব–১০। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে গত ১ সেপ্টেম্বর ডেমরা থেকে আরও ৪টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামিদের নাশকতার কোনো পরিকল্পনা ছিল কিনা জানতে চাইলে র্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেনেড ধোলায়পাড় এলাকা পরিত্যক্ত অবস্থায় পেয়েছে র্যাব। তাদের পরিকল্পনা ছিল কিনা অধিকতর তদন্তে বেরিয়ে আসবে। এ ছাড়া অপরাধীদের রাজনৈতিক পরিচয়টা মুখ্য নয়, তাদের অপকর্মকেই গুরুত্ব দেওয়া হয়। গ্রেপ্তার আসামিদের নামে একাধিক মারামারি ও মাদক মামলা রয়েছে। সব আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গত ৫ আগস্টের পর থেকে ১০৭টি আগ্নেয়াস্ত্র এবং ৭ হাজার ৩৯৪টি গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রলয়/রিফাত

























