ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত চুড়ান্তের আগেই বাজারে সংকটের কারসাজি
- আপডেট সময় : ১১:০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৯ বার পড়া হয়েছে
লিটারপ্রতি সয়াবিনের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে সরকারকে। কিন্তু মন্ত্রণালয় আমদানিকারকদের প্রস্তাব অনুযায়ী মূল্যবৃদ্ধিতে রাজি নয়। এ কারণে কয়েক দফা বৈঠক হলেও ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। গতকাল অনুষ্ঠিত বৈঠকেও এ বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি উভয় পক্ষ। ফলে দেশের খুচরা বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ সংকট দেখা দিয়েছে।
মোড়কজাতকারী কোম্পানিগুলো স্বল্প মজুদ থেকে সীমিত আকারে সরবরাহ করলেও অধিকাংশ কোম্পানিই তা বন্ধ রেখেছে। এতে মোড়কে লেখা দামের চেয়েও বেশি দামে সয়াবিন বিক্রি হচ্ছে বলে স্বীকার করেছেন খুচরা ব্যবসায়ীরা।
চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, আট থেকে ১০ দিন ধরে বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানি সয়াবিনের অর্ডার নিয়ে গেলেও সরবরাহ দিচ্ছে না। এ সুযোগে অনেক প্রতিষ্ঠানের ডিলাররা পাইকারি দাম বাড়িয়ে খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে ভোজ্যতেল বিক্রি করছেন।
জানতে চাইলে চট্টগ্রামের কাজীরহাটের মেসার্স মালতী এন্টারপ্রাইজের ব্যবস্থাপক সঞ্জয় দে বলেন, ‘সয়াবিনসহ বিভিন্ন ভোজ্যতেলের দাম বাড়ানোর কথা কোম্পানিগুলোর প্রতিনিধিরা জানিয়েছেন। এ কারণে মিল থেকে ডিলার প্রতিষ্ঠানগুলোকে সরবরাহ আদেশ (ডিও) দেয়া হচ্ছে না কয়েকদিন ধরে। সে কারণে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা চাহিদামতো বোতলজাত সয়াবিন পাচ্ছেন না।’ দ্রুত সরবরাহ বাড়ানো না হলে পাইকারি ও খুচরা বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ সংকট আরো তীব্র হবে বলে আশঙ্কা করছেন এ ব্যবসায়ী।




















