অটোমেশন চালু না হওয়া পর্যন্ত চিকিৎসকদের বদলি–পদায়ন স্থগিত: স্বাস্থ্য মন্ত্রণালয়
- আপডেট সময় : ১২:২২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ৫৮ বার পড়া হয়েছে
জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের বদলি ও পদায়ন আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বদলি–পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা আনতে অটোমেশন ব্যবস্থা চালুর প্রস্তুতি চলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশেষায়িত ইনস্টিটিউট, মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা–উপজেলা হাসপাতালসহ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র ও জুনিয়র কনসালটেন্ট, সহকারী অধ্যাপক এবং বিভিন্ন প্রশাসনিক পদে কর্মরত চিকিৎসকদের অনেকে উচ্চতর পদে চলতি দায়িত্ব অথবা পছন্দের কর্মস্থলে বদলি–পদায়নের জন্য পৃথকভাবে আবেদন করছেন।
কিন্তু বর্তমানে চিকিৎসকদের বিভিন্ন পদে পদোন্নতি কার্যক্রম চলমান থাকায় এসব আবেদন নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিগগিরই পদোন্নতি কার্যক্রম সম্পন্ন করে চিকিৎসকদের পছন্দ, বিসিএস ক্যাডার মেধাক্রমসহ অন্যান্য বিবেচনায় অটোমেশন পদ্ধতিতে বদলি–পদায়ন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ অবস্থায় জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া কোনো ধরনের বদলি–পদায়ন আবেদনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বদলি–পদায়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অটোমেশন পদ্ধতি চালু করা হবে। অটোমেশন কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত জাতীয় জরুরি প্রয়োজন ব্যতীত সব ধরনের বদলি–পদায়ন কার্যক্রম স্থগিত থাকবে।”
























