দৌলতপুরে কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা
- আপডেট সময় : ১২:৩৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ৬৩ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় হৃদয়বিদারক একটি ঘটনা ঘটেছে। কন্যা সন্তানকে হত্যার পর এক মা নিজেও আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সৌদি প্রবাসী রহিদুল ইসলামের স্ত্রী রেশমা খাতুন (২৫) পারিবারিক অশান্তি ও আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি প্রথমে তার শিশু কন্যা লামিয়াকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন। পরে ঘরের ভেতরে নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
প্রতিবেশীরা জানান, দীর্ঘসময় ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে তারা ঘরের জানালা দিয়ে রেশমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেন এবং বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলয়মান শেখ বলেন, ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা আমরা তদন্ত করে দেখছি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




















