আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
- আপডেট সময় : ০১:২৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে
আজ বাংলাদেশের ইতিহাসে অনন্য একটি দিন—‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। ১৯৭৫ সালের এই দিনে সেনা সদস্য ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে একটি ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলে, যার ফলে শহীদ মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্তি পান এবং দেশের রাজনৈতিক জীবনে নতুন ধারার সূচনা হয়।
স্বাধীনতার পর নানা রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক দুর্বলতা ও সামাজিক সংকটের মধ্যে ৭ নভেম্বরের ঘটনা ছিল দেশের জন্য একটি পুনর্জাগরণের মুহূর্ত। ইতিহাসে এটি ‘সিপাহী-জনতার বিপ্লব’ নামে পরিচিত। এই দিনটি কেবল অতীতের স্মৃতিই নয়, বরং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবেও বিবেচিত।
উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। সকাল ৬টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় দলের নেতৃবৃন্দ শহীদ জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। বিকেল ৩টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালি অনুষ্ঠিত হবে। জেলা ও উপজেলা পর্যায়েও র্যালি, আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করা হবে।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে। কেন্দ্রীয় মিডিয়া বিভাগের সদস্য মুজিবুল আলম জানান, দলটি দেশের সকল মহানগরী ও জেলা শাখায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করছে।
৭ নভেম্বর শুধুই ইতিহাস নয়, এটি আজও জাতীয় সংহতি ও ঐক্যের প্রতীক হিসেবে গুরুত্ব বহন করছে।

























