শাল্লায় ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
- আপডেট সময় : ১০:৫৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ১১২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম গুরুত্বপূর্ণ দিন, ঐতিহাসিক ‘বিপ্লব ও সংহতি দিবস’, সুনামগঞ্জের শাল্লা উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের ধানের শীষ মনোনয়নপ্রত্যাশী, হাইকোর্টের সাবেক বিচারপতি ও সাবেক সংসদ সদস্য মিফতাহ উদ্দিন চৌধুরী রুমির নির্দেশে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি ও আলোচনা সভা। ৭ নভেম্বর ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লবের স্মরণে দিনটি পালন করা হয়। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে একটি সুসজ্জিত র্যালি বের হয়।
র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় মিফতাহ উদ্দিন চৌধুরী রুমির পক্ষে বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ ও গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, সদস্য শহীদুল ইসলাম, আটগাও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনেদ আহমেদ তালুকদার, বাহাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বিজয় কান্তি সরকার, সদস্য হুমায়ুন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লুৎফর রহমান তালুকদার, ছাত্রদলের সভাপতি ফজলে এলাহী পার্থ, যুগ্ম আহ্বায়ক সায়েম প্রমুখ। সভায় বক্তারা মিফতাহ উদ্দিন চৌধুরী রুমির নেতৃত্বে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার এবং গণতন্ত্র পুনরুদ্ধার করার অঙ্গীকার ব্যক্ত করেন।




















