রাজধানীতে এলোপাতাড়ি গুলি নিহত ১
- আপডেট সময় : ১২:২২:২০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ৪৭ বার পড়া হয়েছে
রাজধানীর ফকিরাপুলের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে ফাঁকা স্থানে এলোপাতাড়ি গুলি চালিয়ে একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) ঘটে যাওয়া এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে আসা দুই দুর্বৃত্ত কলেজের সামনে হঠাৎ করেই গুলি ছুড়তে শুরু করে। গুলিবর্ষণের একপর্যায়ে একজন পথচারী গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরই দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। ঢামেক পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নিয়ে গেছে। পুলিশ বলছে, এটি লক্ষ্যভেদী নাকি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে করা হামলা তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, কলেজের সামনে সাধারণত মানুষজনের আনাগোনা বেশি থাকে। দিনের আলোয় এমন গুলির ঘটনায় তারা চরম আতঙ্কে রয়েছে। অনেকেই দাবি করছেন, সাম্প্রতিক সময়ে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদার করা জরুরি হয়ে পড়েছে।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও দুর্বৃত্তদের আটকের জন্য আশপাশের এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত হওয়ার পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।


























