সৈয়দপুরে বাস চাপায় রিক্সা-ভ্যান চালক নিহত
- আপডেট সময় : ১১:০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ৩৭ বার পড়া হয়েছে
নীলফামারীর সৈয়দপুরে বাস চাপায় আবুল হোসেন (৪৭) নামে এক ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের ওয়াপদা মোড় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এসময় ঘন্টাব্যাপী সড়কে যানবাহন বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত আবুল হোসেনের বাড়ি পার্শ্ববর্তী জেলা দিনাজপুরের চিনিরবন্দর উপজেলার বিন্যাকুড়ী এলাকায়।
জানা যায়, ওইদিন দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে ভ্যান নিয়ে বেরিয়ে পড়েন চালক আবুল হোসেন। যাত্রী নিয়ে নিজ এলাকায় ফিরছিলেন। এমন সময় ডোমার ভাউলাগঞ্জ থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।




















