নিবন্ধন বাতিল-নির্বাচন থেকে আওয়ামী লীগ ছিটকে গেছে: প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ০৩:৪৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ৭৭ বার পড়া হয়েছে
নিবন্ধন বাতিল হওয়ায় আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলটির কার্যক্রম স্থগিত থাকার পর নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচন থেকে বিরত থাকবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা জানান। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, অবৈধ অভিবাসন, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট, বিমান ও নৌ খাতে সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যথাসময়ে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, বিপুলসংখ্যক নতুন ভোটার এবার প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। গত ১৬ বছরের স্বৈরশাসনে ধারাবাহিক তিনটি বিতর্কিত নির্বাচনের কারণে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে লাখো মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে ঘোষিত ‘জুলাই সনদ’ বাংলাদেশের জন্য এক নতুন সূচনা। ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যানও অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেন এবং জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর সংলাপকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
অভিবাসন ইস্যুতে চ্যাপম্যান বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে অভিবাসনের সুযোগের অপব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে। এ বিষয়ে নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সরকার বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কাজ করছে এবং আরও বেশি বাংলাদেশিকে নিরাপদ উপায়ে বিদেশে যেতে উৎসাহিত করছে।
রোহিঙ্গা ইস্যুতে দুই নেতা মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অধ্যাপক ইউনূস বলেন, ক্যাম্পের তরুণেরা হতাশ হয়ে ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠছে—তাদের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি।
এ ছাড়া, দুই দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির নানা সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, বঙ্গোপসাগরে গবেষণার জন্য যুক্তরাজ্যের একটি গবেষণা জাহাজ কেনার প্রক্রিয়া চলছে।
বিমান যোগাযোগ আরও জোরদারের আহ্বান জানান ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যান। তিনি জানান, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান খুব শিগগিরই বাংলাদেশ সফর করবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক।

























