শেখ হাসিনার রায়কে ঘিরে আতঙ্কের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ০৭:১৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশে কোনো ধরনের আতঙ্ক বা অস্থিরতার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, “আমি কোনো ধরনের আতঙ্ক দেখছি না। আমরা সারাদিন মাঠে ঘুরছি—সড়কেও কোনো আতঙ্ক নেই। ছোটখাটো দু-একটি ঘটনা ঘটছে, যেমন ককটেল বিস্ফোরণ, তবে এসবের সঙ্গে জড়িতরা ধরা পড়ছে।” তিনি এসব পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্পষ্ট করে বলেন, “দেখামাত্রই গুলির কোনো নির্দেশ দেওয়া হয়নি। শুধু আত্মরক্ষার বিষয়টি উল্লেখ করা হয়েছে। যেমন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স আত্মরক্ষার জন্য দেওয়া হয়, কাউকে গুলি করার জন্য নয়—এ ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়ে তিনি বলেন, “আমরা অবশ্যই উনার প্রত্যাবর্তন চাই। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। প্রয়োজনে নতুন করে চিঠি দেওয়া হবে।”
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী বলেন, “আত্মরক্ষা প্রতিটি নাগরিকের স্বাভাবিক অধিকার। কেউ প্রাণনাশের উদ্দেশ্যে আক্রমণ করলে তাকে প্রতিহত করার অধিকার সবারই আছে, এটা কোনো নতুন নির্দেশ নয়, সব দেশেই প্রচলিত।”
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























