কুমিল্লায় সাবেক ভাইস চেয়ারম্যানের বাড়িতে ডাকাত হামলা: মাহবুব কাঞ্চন প্রধান আসামী
- আপডেট সময় : ০৮:৩৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ৬১ বার পড়া হয়েছে
কুমিল্লার হোমনা উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মকবুল হোসেন পাঠানের বাড়িতে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় ও আন্তঃজেলা ডাকাত দলের নেতা মাহবুব কাঞ্চন ও তার দল মকবুল পাঠানের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর, ফাঁকা গুলি ছোড়া এবং সিসি ক্যামেরা ছিনতাই করেছে।
ঘটনার পর সাবেক ভাইস চেয়ারম্যানের ছোট ভাই জাকির হোসেন রুবেল হোমনা থানায় মাহবুব কাঞ্চনকে প্রধান এবং ৮ জনকে নাম উল্লেখসহ আরও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে অভিযোগ দায়ের করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২৫-৩০ জনের সংঘবদ্ধ দল বাড়ির মূল গেট ভেঙে প্রবেশ করে। তারা দরজা-জানালার কাচ ভাঙচুর করে, সিসি ক্যামেরা নিয়ে যায় এবং আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়ে। কেয়ারটেকারদের বাধা দেওয়ার চেষ্টা করার পর মারধরও করা হয়। পরে আশপাশের লোকজন আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
জাকির হোসেন রুবেল জানান, মকবুল হোসেন দীর্ঘ সময় ঢাকায় থাকায় পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ করছে। হামলাটি পূর্বপরিকল্পিত বলে জানান তিনি এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বাড়ির কেয়ারটেকার নাজমা বেগমও হামলার সময় ল্যাম্প, সিসি ক্যামেরা ও জানালার ১৬টি থাই গ্লাসসহ প্রায় ২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান। হামলাকারীরা বাড়ি ছাড়ার আগে মাহবুব কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করতে বলেও কেয়ারটেকাররা জানান।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং পুলিশ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।




















