নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্যভাবে পালিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫
- আপডেট সময় : ০২:৩২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
নওগাঁ, ২৬ নভেম্বর: নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫। উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রাণিসম্পদ প্রদর্শনী (মেলা), বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রাঙ্গণেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ওয়াজেদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জোবায়ের, ধামইরহাট থানার ওসি মোঃ ইমাম জাফর, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইয়াকুব আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপি’র সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীরসহ আরও অনেকেই।
প্রাণিসম্পদ খাতে সরকারের উন্নয়নমূলক উদ্যোগ, খামারি-বান্ধব নীতি এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমের ওপর অতিথিরা গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, “প্রাণিসম্পদ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। খামারি ও সাধারণ মানুষকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালনের প্রতি উৎসাহিত করাই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি খামারি, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা সকলকে ধন্যবাদ জানান জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ সফল করতে সহযোগিতা করার জন্য।




















