লটারির মাধ্যমে এসপি নিয়োগ হলেও মেধাবি কেউ বাদ যায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ০২:৪৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ৪৪ বার পড়া হয়েছে
পুলিশের এসপি পদায়ন প্রক্রিয়ায় লটারির মাধ্যমে নতুন নিয়োগ হলেও মেধাবীদের বাদ পড়ার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এসপি নিয়োগের সময় দেশের ৬৪ জেলাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভিত্তিতে এ, বি ও সি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে আগের নিয়োগকৃত ১৮ জন এসপিকে পরিবর্তন করে নতুন নিয়োগ কার্যকর করা হয়েছে। বাকি জেলার এসপি নিয়োগ সম্পন্ন হয়েছে লটারির মাধ্যমে। এই প্রক্রিয়ায় মেধাবীরা কেউ বাদ পড়েননি।”
তিনি আরও উল্লেখ করেন, “সমাজে দুর্নীতি ছড়িয়ে আছে, এবং তা পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। তবে সরকার এটি কমানোর জন্য সচেষ্ট। উদাহরণস্বরূপ, সড়কে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা যায়নি, কিন্তু কমানোর চেষ্টা চালানো হচ্ছে।”
এর আগে ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও দায়িত্ব পালনের জন্য দেশের ৬৪ জেলার পুলিশ সুপার চূড়ান্ত করা হয়।


























