মাদরাসায় দিয়ে আসার কথা বলে জঙ্গলে নিয়ে মেয়েকে ধর্ষণ, গ্রেপ্তার বাবা
- আপডেট সময় : ০৫:০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ৪৩ বার পড়া হয়েছে
ফরিদপুরের সদরপুর উপজেলায় নিজের মাদরাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে এক পিতাকে গ্রেপ্তার করেছে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প। গ্রেপ্তারকৃত শামীম ব্যাপারী (৩৩) সদরপুরের চর চাঁদপুর কোলপাড় এলাকার শাহজাহান ব্যাপারীর ছেলে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে র্যাব থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকার নবাবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা সিজারিয়ান অস্ত্রোপচারের পর বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এ পরিস্থিতিতে ৭ নভেম্বর বিকেল ৫টার দিকে শামীম মেয়েকে মাদরাসায় পৌঁছে দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু মাদরাসায় নেওয়ার পরিবর্তে তিনি কিশোরীকে পাশের গ্রামের আফসার কাজীর বাগানের কাছে একটি নির্জন স্থানে নিয়ে যান এবং মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ঘটনাস্থল ছেড়ে দ্রুত পালিয়ে যাওয়ার আগে তিনি মেয়েকে মাদরাসায় রেখে যান।
র্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম জানান, “শামীম ব্যাপারীর বিরুদ্ধে তার নিজ কন্যাকে ধর্ষণের গুরুতর অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর মামা থানায় মামলা করার পর আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার নবাবগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করি। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভুক্তভোগী মেয়েটি বর্তমানে পরিবারের তত্ত্বাবধানে রয়েছে।




















