কুয়েতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
- আপডেট সময় : ০৩:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ৭৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস ২৬ নভেম্বর ২০২৫ তারিখে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানটি কুয়েত সিটির হোটেল মিলেনিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত। সশস্ত্র বাহিনীর অ্যাসিস্ট্যান্ট চিফ অব স্টাফ ফর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানপাওয়ার মেজর জেনারেল ফিরাস আদেল আল-শাহিন। অনুষ্ঠানটিতে কুয়েতে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ, কুয়েতের নাগরিক সমাজের প্রতিনিধিরা, প্রতিরক্ষা অ্যাটাশেবৃন্দ, কুয়েতে অবস্থানরত বাংলাদেশ সামরিক কন্টিনজেন্টের সদস্যবৃন্দ বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, স্বাগত বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে আত্মত্যাগকারী ছাত্র-জনতার প্রতিও শ্রদ্ধা জানান। রাষ্ট্রদূত বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠনের ইতিহাস এবং এর ক্রম বিকাশ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় উন্নয়নে অবদান রাখা এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিশ্বে বাংলাদেশের সুনাম উজ্জ্বল করে চলছে।




















