কর্মচারী কল্যাণ বোর্ডকে আয়বর্ধক ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- আপডেট সময় : ০৬:২০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ৫৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডকে একটি আয়বর্ধক ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বোর্ডের মহাপরিচালক (সচিব) তাসলিমা কানিজ নাহিদা। বৃহস্পতিবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত “সেবা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা”তে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি, প্রশাসনিক সক্ষমতা উন্নয়ন এবং আর্থিক ব্যবস্থাপনা সুদৃঢ় করা সময়ের দাবি।
তিনি আরও বলেন, অনেক কর্মচারী এখনও বোর্ডের কার্যক্রম সম্পর্কে সঠিক ধারণা রাখেন না। চাকরিতে যোগদানের পর বেতন থেকে কাটা কল্যাণ তহবিল ও যৌথ বিমার অর্থ কীভাবে ব্যবহৃত হয় তা জানা গুরুত্বপূর্ণ। রাষ্ট্রে সুশাসন নিশ্চিত করতে কর্মচারীদের কল্যাণ একটি গুরুত্বপূর্ণ উপাদান। ভবিষ্যতে বোর্ডের সেবা আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক কল্যাণ কমিটির সভাপতি ফারাহ শাম্মী, এনডিসি, যিনি বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কর্মচারীদের চিকিৎসা অনুদান, শিক্ষা বৃত্তি, কম ভাড়ায় পরিবহন, স্টাফ বাস, ক্রীড়া প্রতিযোগিতা, দাফন ভাতা ও আর্থিক সহায়তা প্রদান করে কল্যাণ বোর্ড তাদের কল্যাণ নিশ্চিত করছে। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, নেপ মহাপরিচালক ফরিদ আহমদ, কল্যাণ বোর্ডের পরিচালক (উপসচিব) ড. মুহাম্মদ মফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভাগীয় কর্মকর্তারা, কর্মচারী প্রতিনিধি ও আঞ্চলিক কল্যাণ কমিটির সদস্যরা।




















