গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল কলোনির ৭৫টি ঘর
- আপডেট সময় : ০১:৫২:০২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ দীঘিরপাড় এলাকায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় তিনটি টিনসেড কলোনির ৭৫টি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, মহিউদ্দিনের টিনশেড কলোনির শাহনাজ বেগমের কক্ষে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের বায়োজিদ মাস্টারের দুইটি কলোনিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় এবং পরবর্তীতে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, এই কলোনির বাসিন্দাদের অধিকাংশ কারখানায় কর্মরত, ফলে অগ্নিকাণ্ডের সময় বাসিন্দারা কর্মস্থলে থাকায় আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের দাবি, এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা।
ক্ষতিগ্রস্ত বাসিন্দা সায়েম ও কালাম বলেন, সকালে আমরা কারখানায় গিয়েছিলাম। অর্ধ ঘণ্টার মধ্যেই জানতে পারি আগুন লেগেছে। আমরা আসার আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে। সারা বছর ধরে যে জিনিসপত্র জমানো ছিল, সব শেষ হয়ে গেছে। এখন আমরা নিঃস্ব।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।




















