খালেদা জিয়ার রোগমুক্তি: শাল্লায় ছাত্রদল ও বিএনপি নেতাদের উদ্যোগে দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৩:৩৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ১৯০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর দুপুরে উপজেলা সদরের বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল-এর সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য উসমান মিয়া-এর সঞ্চালনায় এই মাহফিলে বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, সদস্য আলি আমজাদ তালুকদার ও মাহাবুব সোবহানী চৌধুরী,কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল মজিদ, আটগাও ইউনিয়ন বিএনপি আহ্বায়ক জুনেদ আহমদ, হবিবপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শৈলেন দাস, ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুর রহমান, ছাত্রদল নেতা শাকিল আহমেদ প্রমুখ।
বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রশংসা করেন এবং তার বর্তমান অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, বেগম জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে আজ গুরুতর অসুস্থ। অবিলম্বে তাঁর সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা দেশনেত্রীর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। তারা দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার এবং দেশনেত্রীর সুস্থতার জন্য সম্মিলিতভাবে প্রার্থনা করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষদিকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।



















