নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় সমন্বয় সভা
- আপডেট সময় : ০৫:২৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত কার্যক্রম গড়ে তোলার লক্ষ্যে একটি অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) এই কর্মসূচি আয়োজন করে। ইউএনএফপিএ ও অ্যাকশনএইডের সহযোগিতায় রোববার বিকেলে হাতিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় পর্যায়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং কার্যকর প্রতিক্রিয়ার জন্য একটি সমন্বিত কৌশল তৈরি করা। এছাড়া, দুর্যোগকালীন সময়ে নারীদের নিরাপত্তা, সেবা এবং রেফারেল পাথওয়ে উন্নয়ন এবং প্রতিটি স্টেকহোল্ডারের প্রতিশ্রুতি ও সহযোগিতা নিশ্চিতকরণেও গুরুত্ব আরোপ করা হয়।
সভায় মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, স্থানীয় প্রশাসন, শিক্ষক, কাজীসহ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম সকল প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সুবর্ণচর ইউনিয়নের চর জব্বার থানার নারী, শিশু ও প্রতিবন্ধী সহায়তা ডেস্কের দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর আব্দুল মোমিত শুভ বলেন, “স্থানীয় সালিশ বৈঠকে অনেক অভিযোগই যথাযথ গুরুত্ব পায় না। ঘরোয়া সহিংসতার ঘটনায় প্রায়ই সঠিক ব্যবস্থা নেওয়া হয় না। ভুক্তভোগীরা যেকোনো সহিংসতার ক্ষেত্রে ডেডিকেটেড ডেস্কের মাধ্যমে পুলিশের সাহায্য নিতে পারে।”
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুননাহার সভায় বলেন, “সুবর্ণচর এলাকায় নারী নির্যাতনের অভিযোগের সংখ্যা বেশি। নারীর প্রতি সহিংসতা রোধ করতে প্রথমে নারীকে সচেতন করতে হবে এবং পরিবার থেকেই শিশুকে সম্মান ও সমতার শিক্ষা দিতে হবে।”
আলোচনার এক পর্যায়ে কমিউনিটির সদস্যদের সহিংসতার প্রতিকারে কোথায় সহযোগিতা পাওয়া যায় সে সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। উপস্থিত নারীরা জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ দিলে প্রায়ই সমাধান মেলে না এবং ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি থাকে। তাই তারা আইনের আশ্রয়কেই সবচেয়ে নিরাপদ মনে করেন।
উদ্যোক্তারা আশা করছেন, এই অধিপরামর্শ সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সকল অংশগ্রহণকারীর প্রতিশ্রুতি ও সহযোগিতার মাধ্যমে সুবর্ণচরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একটি কার্যকর সমন্বিত প্রক্রিয়া গড়ে উঠবে।




















