এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত কমপক্ষে ১৫
- আপডেট সময় : ০১:২৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর অংশে আড়িয়াল খাঁ নদের সেতুর উপর ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল প্রায় সোয়া ৯টার দিকে একটি যাত্রীবাহী বাস ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিনজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শী প্রতাপ দাস বলেন, “আমি পাশের একটি গাড়িতে ছিলাম। হঠাৎ বিকট শব্দে দেখি ভাঙ্গামুখী একটি বাস সামনে থাকা পণ্যবাহী ট্রাকে জোরে ধাক্কা দেয়। বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ায় সামনের সারির যাত্রীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মনে হয়েছে।”
ওসি জহুরুল ইসলাম আরও জানান, ‘ওয়েলকাম পরিবহনের বাসটি ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল। আড়িয়াল খাঁ ব্রিজের ওপর ট্রাকের পেছনে ধাক্কা লাগার পর বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। একজন ঘটনাস্থলেই মারা যান, বাকি দুজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।’
দুর্ঘটনাস্থলে যানবাহন চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রলয়/আহাশা




















