প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষায় সমন্বিত অগ্রযাত্রার আহ্বান-উপদেষ্টা শারমীন এস মুরশিদ
- আপডেট সময় : ১২:৫৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে
৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়–অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
রোববার রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তি আমাদেরই আপনজন—সমাজ ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। যথাযথ সেবা, শিক্ষা, প্রশিক্ষণ ও সুযোগ পেলে তারাও দক্ষ মানবসম্পদে পরিণত হতে পারে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষায় আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং জুলাই–আগস্ট ২০২৪ বিপ্লবে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, টেকসই উন্নয়নের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্তকরণ আজ বৈশ্বিক অঙ্গীকার। এবারের আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য, ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, কাউকে পিছিয়ে রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের স্রোতধারায় সকল স্তরের মানুষকে সম্পৃক্ত করাই সামাজিক অগ্রগতির পূর্বশর্ত।
অনুষ্ঠানে উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর মন্ত্রণালয় কাঠামোগত উন্নয়ন করে অসচ্ছল মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে। সমাজসেবা অধিদপ্তর সারাদেশে প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ পরিচালনা করছে এবং ইতোমধ্যে ১২টি ক্যাটাগরিতে ৩৮ লাখ ৩৫ হাজার প্রতিবন্ধী ব্যক্তিকে জাতীয় ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মাঝে ‘সুবর্ণ নাগরিক’ কার্ড বিতরণ চলমান রয়েছে।
বর্তমান অর্থবছরে ৩৪ লাখ ৫১ হাজার প্রতিবন্ধী ব্যক্তি মাসিক ভাতা পাচ্ছেন। পাশাপাশি ৮১ হাজার প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি দেওয়া হচ্ছে।
উপদেষ্টা জানান, শুধুমাত্র ভাতা নয় প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে বিশেষায়িত শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম বিস্তৃত করা হয়েছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেরাপি সেবা ও সহায়ক উপকরণ বিতরণসহ তিন দিনব্যাপী ‘প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন মেলা’ আয়োজনের মাধ্যমে তাদের প্রতিভা ও পণ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরছে।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। সবার আগে আমাদের মানসিকতার পরিবর্তন জরুরি। রাস্তা, গণপরিবহন, অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রতিবন্ধীবান্ধব করতে হবে। একই সঙ্গে কর্মক্ষেত্রে তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে।
তিনি বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের এ মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন, সেবা ও সহায়তায় অবদান রাখা ২০ জনকে নগদ ১০ হাজার টাকা, একটি ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়। পরে প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ বছরের মেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি পণ্য নিয়ে ৩২টি স্টল অংশ নিয়েছে। মেলা ৩-৫ ডিসেম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান ও আইনজীবী মোশাররফ হোসেন মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বিজয় কৃষ্ণ দেবনাথ।


























