বিএনপি নেতার গুদামে মিললো ১৪৯ বস্তা সার
- আপডেট সময় : ১০:২৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / ৪৯ বার পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে ইউনিয়ন বিএনপি নেতা ও ব্যবসায়ী সিরাজুল ইসলাম মণ্ডলের গুদাম থেকে ১৪৯ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা কৃষি অফিস। বুধবার সন্ধ্যায় শিহাড়া ইউনিয়নের পাটলের গোয়েন্দাপাড়া এলাকায় একটি বাগানের ভেতরে অবস্থান করা গুদামে অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র ও কৃষি অফিস জানায়, শিহাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম ‘সৈনিক ট্রেডার্স’ নামে সার ব্যবসা পরিচালনা করেন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন খবর আসে তিনি বিপুল পরিমাণ ডিএপি সার মজুত করছেন। তথ্যের ভিত্তিতে কৃষি কর্মকর্তারা অভিযান চালিয়ে ১৪৯ বস্তা সার জব্দ করেন।
অভিযান সম্পর্কে জানতে চাইলে সিরাজুল মণ্ডল সাংবাদিকদের বলেন, আমি বৈধভাবে খুচরা সার বিক্রি করি। আমার দোকানে এমওপি ও ইউরিয়া সার আছে, কিন্তু ডিএপি অনেকদিন ধরেই পাওয়া যাচ্ছে না। স্থানীয় ডিলারদের কাছেও সার নেই। তাই নওগাঁর ডিলার নয়ন শীলের মাধ্যমে কোম্পানিতে টাকা দিয়ে নারায়ণগঞ্জ থেকে ডিএপি সার আমার গুদামে আনানো হচ্ছিল। কিন্তু কৃষি অফিস এসে সেগুলো নিয়ে যায়।
উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন জানান, উদ্ধার করা সার উপজেলা কৃষি অফিসের গুদামে রাখা হয়েছে। তদন্ত শেষে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীমুজ্জামান মিলন বলেন, সারগুলো কোথা থেকে এসেছে এবং কীভাবে এখানে পৌঁছেছে তা নিশ্চিত হলে বিষয়টির নিষ্পত্তি সহজ হবে। ইতোমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
অবৈধ সার মজুতের ঘটনাটি স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রলয়/আহাশা




















